নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(২৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিষয়টি শুক্রবার রাত ১০টার দিকে নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ডা. রাজিবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, ডা. রাজিব দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিলেন। তার মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনতে স্ত্রী ডা. উম্মে হানি একাধিকবার তাকে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব) পাঠানোর উদ্যোগ নেন। তবে বিভিন্ন চেষ্টা সত্ত্বেও তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়নি বলে অভিযোগ রয়েছে।
রায়পুরা থানার ওসি মজিবুর রহমান বলেন, “অভিযানে রাজিব নামে একজনকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাকে আইনগতভাবে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

