চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর হাসেম আলী (৫৫) নামে এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার উসমানপুর বিশ্বাসপাড়া এলাকার কাটাখালী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাসেম আলী উসমানপুর বিশ্বাসপাড়া গ্রামের মৃত রুস্তম মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে নিজ জমিতে সার দিতে কাটাখালী মাঠে যান হাসেম আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
শুক্রবার সকালে স্থানীয়রা মাঠে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর পর মরদেহের কিছু অংশ শেয়াল বা অন্য কোনো বন্য প্রাণী ক্ষতিগ্রস্ত করে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

