যশোরে দুইটি স্বর্ণের বারসহ সাদিকুর রহমান সুমন নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক সাদিকুর রহমান সাতক্ষীরা জেলা সদরের নলকুড়া লাবসা গ্রামের মিজানুর রহমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন সাদিকুর রহমানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। একই সঙ্গে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২৮৫ টাকা জব্দ করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া স্বর্ণ, মোবাইল ফোন ও নগদ টাকাসহ জব্দকৃত আলামতের মোট মূল্য প্রায় ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানিয়েছেন, তিনি স্বর্ণের বার দুটি ঢাকা থেকে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে নেওয়ার উদ্দেশ্যে বহন করছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবির নজরদারি ও সীমান্ত এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়ের শেষে তাঁকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

