‘ক্যাশলেস দেলুয়াবাড়ি, এক দেশ এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ব্যবসায়ীদের নিয়ে বাংলা কিউআর বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় দেলুয়াবাড়ী বাসস্ট্যান্ডে পূবালী ব্যাংক পিএলসি দেলুয়াবাড়ী শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি, ব্যাংকের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি দেলুয়াবাড়ী শাখার ব্যবস্থাপক মো. নূরুল আলম। তিনি বলেন, ডিজিটাল লেনদেনকে সহজ, নিরাপদ ও দ্রুত করতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যবসায়ীরা এ সেবা গ্রহণ করলে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং আধুনিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে দ্রুত ও নির্বিঘ্নে লেনদেন সম্পন্ন করা সম্ভব হবে।
ডেপুটি জুনিয়র অফিসার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন প্রসাদপুর শাখার ব্যবস্থাপক মো. ইদ্রিস আলী। পরে বক্তব্য দেন দেলুয়াবাড়ী শাখার অপারেশন ম্যানেজার জোবায়ের খুরশিদ, উত্তরা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ফিরোজ আলী এবং বিষ্ণুপুর চকশৈল্যা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম।
সভায় উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলা কিউআর ব্যবহারে সার্ভিস চার্জ মওকুফের দাবি জানান।
বক্তারা বলেন, ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা, নিরাপত্তা ও গতি বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশের ব্যবসায়ীরা আরও কার্যকরভাবে স্মার্ট ও আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবেন।
অনুষ্ঠানের শেষে সাহা ট্রেডার্স, কথা গার্মেন্টস ও সরকার ট্রেডার্সের ব্যবসায়ীদের মাঝে তিনটি বাংলা কিউআর কোড বিতরণ করা হয়। এছাড়া সততা ট্রেডার্স ও সুমন ট্রেডার্সের ব্যবসায়ীদের মাঝে দুটি পিওএস (POS) মেশিন প্রদান করা হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি দেলুয়াবাড়ী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নওগাঁ-রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ শেষে পূবালী ব্যাংক পিএলসি দেলুয়াবাড়ী শাখা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

