কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকাসহ মর্জিনা আক্তার (৪০) ওরফে গেন্দি নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) দুপুর ৩টার দিকে সোনাহাট এলাকার বানুরকুঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মর্জিনা আক্তার আতোয়ার হোসেনের মেয়ে এবং একই এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সোনাহাট স্থলবন্দর এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য পরিবহনের কাজে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের কাছে ইয়াবা ও গাঁজা বিক্রির অভিযোগ ছিল তার বিরুদ্ধে। আইনশৃঙ্খলা বাহিনী একাধিকবার তাকে আটকের চেষ্টা করলেও তিনি পোলট্রি মুরগির দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন জনগণের সহযোগিতায় পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১০৩ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৬ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়। জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ৫৬ হাজার ২৯০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের উপস্থিতিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অভিযুক্তকে থানা হাজতে রাখা হয়েছে।
ভূরুঙ্গামারী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

