রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাহাদ (১১)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ফাহাদ কুঠিপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে এবং স্থানীয় কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোদাগাড়ী পৌরসভার কুঠিপাড়া বারুইপাড়া এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ফাহাদ নিখোঁজ হয়। খেলাধুলা শেষে বন্ধুদের সঙ্গে নদীতে নামার পর সে পানিতে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করলেও তার সন্ধান মেলেনি।
পরে শুক্রবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাড়ে ৮টার দিকে নদীর তলদেশ থেকে ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়।
গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রকিবুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে ফাহাদের বাবা-মা শোকে ভেঙে পড়েছেন। স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীর এমন আকস্মিক মৃত্যুতে কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও গভীর শোক বিরাজ করছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

