নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে প্রায় দুই লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বুধবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার গোবিন্দশ্রী ও উচিতপুর হাওরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নাদীর হোসেন শামীম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দশ্রী ও উচিতপুর হাওরে অভিযান চালানো হয়। এ সময় চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা।
অভিযান শেষে জব্দ করা জাল উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান, সহকারী মৎস্য কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

