ময়মনসিংহের ভালুকায় প্রস্তাবিত সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে স্থানীয় চাহিদা ও কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় সম্ভাব্য ট্রেড নির্ধারণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকালে উপজেলার এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটার এইচ.এস.সি (বিএমটি) কলেজ এর হল রুমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন "উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্প"-এর আওতায় ভালুকা ও গফরগাঁও উপজেলায় স্থাপন প্রক্রিয়াধীন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ (TSC)-এর জন্য এলাকার উপযোগিতার ভিত্তিতে প্রাথমিকভাবে বিভিন্ন ট্রেড নির্বাচনের উদ্দেশ্যে এ সভার আয়োজন করা হয়।
সভায় স্থানীয় শিল্প-কারখানা, কর্মসংস্থানের সুযোগ, দক্ষ জনশক্তির চাহিদা এবং ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্র বিবেচনায় কোন কোন ট্রেড চালু করা হলে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি উপকৃত হবে, সে বিষয়ে উপস্থিত অংশীজনদের মতামত গ্রহণ করা হয়।
কারিগরি শিক্ষা অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিদর্শক প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক উপস্থিত থেকে অংশীজনদের মতামত গ্রহণ করেন এবং প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ট্রেড নির্বাচন করা হলে শিক্ষার্থীরা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠবে এবং কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে।
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুর প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। তিনি কারিগরি শিক্ষার প্রসারে সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে স্থানীয় শিল্পাঞ্চলের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুগোপযোগী ট্রেড চালুর ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুসহ কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান, শিক্ষানুরাগী ও অংশীজন উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, শিল্পসমৃদ্ধ ভালুকা ও গফরগাঁও অঞ্চলে আধুনিক ও বাজারমুখী কারিগরি শিক্ষা চালু হলে স্থানীয় শিক্ষার্থীরা দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ-বিদেশের কর্মক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। তাই ট্রেড নির্বাচনের ক্ষেত্রে স্থানীয় শিল্পখাতের বাস্তব চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

