বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে নেত্রকোনার মদনে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ৯টায় মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জান্নাত আফরোজের সভাপতিত্বে এবং এফপিআই মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাইটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. নয়ন চন্দ্র ঘোষ এবং ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার শফি।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের অর্থ সম্পাদক নূর মোহাম্মদ জরিপ, পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) শাহানাজ পারভীন, এফপিআই আশরাফুল ইসলামস প্রমুখ।
বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন-শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী সৈয়দা জলি (গোবিন্দশ্রী ইউনিয়ন), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা লাভলী আক্তার (কাইটাল মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র), শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহাগ আহমেদ (কাইটাল ইউনিয়ন), শ্রেষ্ঠ পরিবার কল্যাণ কেন্দ্র (এফডব্লিউসি) কাইটাল এবং শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে কাইটাল ইউনিয়ন পরিষদ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

