ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পূর্ব বিএস ডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে কথিত হেরোইনসহ নাজমুল খান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চরভদ্রাসন থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই রাত প্রায় ৯টার দিকে চরভদ্রাসন থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব বিএস ডাঙ্গী এলাকার বারেক শিকদারের মুদি দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটকের পর জিজ্ঞাসাবাদে নাজমুল খান তার পরিহিত প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো তিনটি পুরিয়ায় থাকা কথিত হেরোইন বের করে দেন। উদ্ধার করা আলামতের মোট ওজন প্রায় ০.১৫ গ্রাম এবং এর আনুমানিক মূল্য এক হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার নাজমুল খান চরভদ্রাসন উপজেলার আব্দুল শিকদারের ডাঙ্গী গ্রামের সিদ্দিক খানের ছেলে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত আলামত জব্দ করা হয় এবং ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন নির্ধারণ করা হয়। পরে জব্দকৃত আলামতসহ তাকে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক) ধারায় চরভদ্রাসন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

