কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুরে পৌরসভার রামদাস ধনিরাম বলদিপাড়া গ্রামে। নিহতরা হলেন, স্বামী আবু সাঈদ (৭১) ও স্ত্রী রাবেয়া বেগম (৬০)। স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোক বিরাজ করছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবু সাঈদ দুপুরে ঘরে খেতে বসেন। ঝর-বৃষ্টির কারনে প্রতিবেশির বাড়ির বিদ্যুতের সংযোগ ছিন্ন হয়ে সকলের অগোচরে টিনের বেড়া বিদ্যুতায়িত হয়ে পরে। বিষয়টি কারো নজরে আসেনি।
স্বামীকে খেতে দিয়ে স্ত্রী রাবেয়া বেগম টিউবওয়েলের পানি আনতে গিয়ে পা পিছলে টিনের বেড়ায় হাত পড়ে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে চিৎকার করেন। তার চিৎকারে স্বামী সাঈদ স্ত্রীকে বাঁচানোর জন্য এগিয়ে গিয়ে স্ত্রীর শরীরে স্পর্শ করলে উভয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করেন। আবু সাঈদ ও রাবেয়া বেগমের দুটি ছেলে সন্তান রয়েছে।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিসের প্রকৌশলী আতাউর রহমান বলেন, বিদ্যুতের সংযোগ বাড়ির বেড়ার সাথে যুক্ত হওয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। ঝর-বৃষ্টির পর বাড়িতে থাকা বিদ্যুতের তাড় ছড়িয়ে ছিটিয়ে থাকলে বা বিচ্ছিন্ন হয়ে পড়লে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে তা মেরামত করানো উচিৎ।
উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক জানান, কোনো অভিযোগ না থাকায় মৃত্যু ব্যক্তিদের কবরস্থ করার অনুমতি দেয়া হয়েছে। একটি ইউডি মামলা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

