"চলো যাই যুদ্ধে—মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের ইসলামপুরে মাদক ও ইভটিজিংবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসার শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকদের উদ্যোগে মাদরাসা সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ সোলায়মানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন মাদরাসার সুপার মাওলানা ছামিউল হক, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আলীম ফকির, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল হক সরকার এবং শিক্ষক মমতাজ উদ্দিন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সমাজের একশ্রেণির অর্থলোভী মানুষ কোমলমতি শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের বিভ্রান্ত করে তাদের হাতে মাদকদ্রব্য তুলে দিচ্ছে। এতে তরুণদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা নষ্ট হচ্ছে এবং তারা নেশা, হতাশা ও বিপথগামিতার দিকে ধাবিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে এখনই মাদকের অবাধ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে মাদক ও ইভটিজিং প্রতিরোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

