AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তানোরে যাতায়াতের একমাত্র রাস্তা অবরুদ্ধ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৮:০৮ পিএম, ৪ জুলাই, ২০২৬

তানোরে যাতায়াতের একমাত্র রাস্তা অবরুদ্ধ: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার চোরখোর- হাসনাপাড়া গ্রামে একটি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে।

এতে পরিবারটি চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। ভুক্তভোগী শফিকুল ইসলামের অভিযোগ, কিছু প্রভাবশালী ভূমিদস্যু ও দখলকারী চক্র পরিকল্পিতভাবে তার বাড়ির প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। ফলে বাড়িতে কোনো যানবাহন প্রবেশ করতে পারছে না, এমনকি অসুস্থ ব্যক্তি বা শিক্ষার্থীদের চলাচলেও চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে।

শফিকুল ইসলাম জানান, দীর্ঘ ৫০/৫৫ বছর ধরে তিনি ওই জায়গায় বসবাস করে আসছেন। কিন্তু হঠাৎ করেই একটি চক্র তার যাতায়াতের রাস্তা ঘিরে ফেলে। এতে পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ জীবনযাপন করছেন। শিশু সন্তানরা নিয়মিত স্কুলে যেতে পারছে না এবং জরুরি প্রয়োজনে কোনো যানবাহন বাড়িতে প্রবেশ করতে না পারায় পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে ওই চক্রের হামলায় তার পরিবারের সদস্যরা আহত হন। এ ঘটনায় তিনি ১৩ জনের নাম উল্লেখ করে তানোর থানায় মামলা দায়ের করেছেন। মামলা চলমান থাকলেও অভিযুক্তরা জামিন হয়ে এসে পুনরায় তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি ভিটেমাটি ছেড়ে চলে যাওয়ার জন্যও বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএন ও ) নাইমা খান ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করেন যে, তাদের যাতায়াতের রাস্তা নিশ্চিত করা হবে এবং সরকারি জমি দখলের কোনো সুযোগ দেওয়া হবে না। তবে সেই আশ্বাসের পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রাস্তা উন্মুক্ত না হওয়ায় পরিবারটির দুর্ভোগ আরও বেড়েছে।

এদিকে এলাকাবাসীর একাংশের অভিযোগ, কিছু ভূমিদস্যু সরকারি জমিকে কবরস্থান হিসেবে দেখিয়ে ওই রাস্তা দখলের চেষ্টা করছে। তবে স্থানীয়দের দাবি, ওই গ্রামে ইতোমধ্যে একাধিক সরকারি কবরস্থান রয়েছে। তাই নতুন করে কবরস্থানের অজুহাতে একটি বসতবাড়ির একমাত্র যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার কোনো যৌক্তিকতা নেই।

ভুক্তভোগী শফিকুল ইসলাম প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, "আমি শুধু আমার পরিবারের নিরাপদ চলাচলের জন্য পুরোনো রাস্তা ফিরে চাই। আমার সন্তানদের পড়াশোনা, পরিবারের চিকিৎসা ও স্বাভাবিক জীবনযাপন আজ হুমকির মুখে। দ্রুত রাস্তা খুলে দিয়ে আমাদের বাঁচার সুযোগ করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিনীত আবেদন জানাচ্ছি।"

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসীও। তাদের মতে, একটি পরিবারের মৌলিক চলাচলের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং ভুক্তভোগী পরিবারের যাতায়াতের রাস্তা দ্রুত উন্মুক্ত করা এখন সময়ের দাবি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!