কুষ্টিয়ার মিরপুর উপজেলায় এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তবে ডাকাতেরা তার টাকা, মুঠোফোন ও ভ্যান লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৩০জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডাকাতি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ভ্যানচালক ওসমান (৩৩) পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার পঁচাভিটা গ্রামের কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সারাদিন ভ্যান চালিয়ে উপার্জন শেষে রাতে নিজ বাড়িতে ফিরছিলেন ওসমান। পথে মিরপুর উপজেলার ডাকাতি পুকুর এলাকায় পৌঁছালে তিন থেকে চারজনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার গতিরোধ করে। পরে তাকে জিম্মি করে পাশের একটি বাগানে নিয়ে পাটের রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় তার কাছে থাকা টাকা, মুঠোফোন ও ভ্যান লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
ডাকাতেরা চলে যাওয়ার পর ওসমানের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছে রশি দিয়ে বাঁধা অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করেছে। ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

