কুষ্টিয়ার মিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গত এক মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে মিরপুর থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ধারাবাহিক অভিযানে বিভিন্ন মামলায় ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৮৬ জন মাদকসেবী ও মাদক কারবারি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিরপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি তিনি জনগণের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। মিরপুর উপজেলাকে সম্পূর্ণরূপে মাদকমুক্ত না করা পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, বা যে দলেরই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি এদের পক্ষে যারা সুপারিশ করতে আসবেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে মিরপুর প্রেস ক্লাবের সভাপতি মারুফত আফ্রিদী বলেন, “ইয়াবা, ফেনসিডিল, ট্যাপেনটাডল ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক আমাদের তরুণ প্রজন্মকে গ্রাস করছে। অনেক সম্ভাবনাময় জীবন মাদকের করাল গ্রাসে পড়ে অকালে ঝরে যাচ্ছে। এর ফলে সমাজে অপরাধ, চুরি, ছিনতাই ও পারিবারিক অশান্তি বাড়ছে।”
তিনি আরও বলেন, “মিরপুর থানা পুলিশ মাদকের বিরুদ্ধে যে কঠোর অভিযান শুরু করেছে, তা জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযান তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক হবে। মাদক থেকে দূরে থাকতে আমাদের নিজেদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আসুন, আমাদের সন্তানদের খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করি। আমাদের একটি সচেতন পদক্ষেপই পারে একটি তাজা প্রাণ এবং একটি পরিবারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে।”
এদিকে পুলিশের এ মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন মিরপুর উপজেলার সর্বস্তরের মানুষ ও সচেতন মহল।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

