নার্সারিতে ঘাস নিধনের তরল ওষুধ (বিষ) রাখা হয়েছিল কোকাকোলার বোতলে। সেটিকে কোমল পানীয় ভেবে পান করে গুরুতর অসুস্থ হন এক যুবক। দীর্ঘ ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বেলা ৩টার দিকে তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম কোরবান আলী বাবু (৩৩)। তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বক্কুর মোড় এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি উপজেলার বনপাড়া পৌর শহরের হারোয়া এলাকার বুনো নার্সারির একজন কর্মচারী ছিলেন।
নিহতের মা সাফিয়া খাতুন জানান, গত ১৮ জুন নার্সারিতে কাজ করার একপর্যায়ে কক্ষে রাখা একটি কোকাকোলার বোতল থেকে তিনি পানীয় ভেবে তরলটি পান করেন। তিনি ধারণা করেছিলেন, নার্সারির মালিক সুজন পাটোয়ারী তার জন্য কোক রেখে গেছেন। কারণ, এর আগের দুই দিনও একই বোতলে তার জন্য কোক রাখা হয়েছিল এবং তিনি তা পান করেছিলেন। একই বোতলে মালিক ঘাস নিধনের ওষুধ রাখবেন, এমনটি তিনি কখনো কল্পনাও করেননি।
নার্সারির মালিক সুজন পাটোয়ারী জানান, ঘাস নিধনের ওষুধ পান করার পর দ্রুত তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর গত শনিবার তাকে বাড়িতে আনা হয়। বুধবার তার মৃত্যু হয়।
নিহতের মা আরও জানান, দুই বছর আগে বাবুর বিয়ে হয়। তাদের ৪০ দিনের একটি কন্যাসন্তান রয়েছে। তিনি বলেন, “আমরা পরিবারের কেউই এ মৃত্যুর জন্য কাউকে দায়ী করছি না।”
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, এ মৃত্যুর বিষয়ে পরিবারেরও কারও কোনো অভিযোগ নেই।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

