ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমন হত্যার বিচার এবং প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। পরে প্রশাসন ও বিএনপির নেতাদের আশ্বাসে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।
বুধবার (১ জুলাই) দুপুরে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত বিচারের আশ্বাস দেন এবং এলাকাবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, “অপরাধী যে-ই হোক, তার বিচার হবে। অপরাধীর কোনো দল নেই। সে আমার দলের হলেও দল তার পাশে থাকবে না।”
তিনি আরও বলেন, “সংসদের অধিবেশন চলায় আমাদের নেতা শহিদুল ইসলাম বাবুল ভাই উপস্থিত হতে পারেননি। তবে তিনি সার্বক্ষণিক এলাকার খোঁজখবর রাখছেন এবং আমাদের মাধ্যমে অপরাধীদের দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন।”
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “সুমন হত্যা মামলার ১৭ জন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”
তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

