AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২২ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কেন্দুরবাগ বাজারে আবারও ইয়াবার ছড়াছড়ির অভিযোগ, ধ্বংসের মুখে যুব সমাজ



কেন্দুরবাগ বাজারে আবারও ইয়াবার ছড়াছড়ির অভিযোগ, ধ্বংসের মুখে যুব সমাজ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকায় কিছুদিন বন্ধ থাকার পর আবারও ইয়াবা ব্যবসা সক্রিয় হয়ে উঠেছে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের দাবি, বিশেষ করে পশ্চিম খালপাড় ও পশ্চিম কানি এলাকায় প্রকাশ্যে ইয়াবা কেনাবেচা হচ্ছে। দিন-রাত বিভিন্ন সময়ে সেখানে মাদকসেবী ও সন্দেহভাজন মাদক কারবারিদের আনাগোনা বেড়েছে বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার ঘটলেও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী কিছু স্থানীয় ব্যক্তির আশ্রয়-প্রশ্রয়ের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে অনেকেই মুখ খুলতে সাহস পান না। নিরাপত্তার শঙ্কায় অনেকেই প্রকাশ্যে মন্তব্য করতেও অনিচ্ছুক।

এলাকাবাসীর মতে, ইয়াবার সহজলভ্যতার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যুব সমাজ। অল্প বয়সী অনেক তরুণ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। এর ফলে পারিবারিক অশান্তি বৃদ্ধি, শিক্ষাজীবন ব্যাহত হওয়া এবং তরুণদের অপরাধের দিকে ঝুঁকে পড়ার ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ তাদের।

সচেতন নাগরিকরা বলেন, এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

একই সঙ্গে এলাকাবাসী মনে করেন, মাদকমুক্ত সমাজ গড়তে শুধু প্রশাসনিক অভিযানই নয়, জনপ্রতিনিধি, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগও জরুরি। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কেন্দুরবাগ বাজার এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করা হবে এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!