নড়াইলে হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের প্রত্যক্ষ দিকনির্দেশনায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল (সিসিআইসি) নিয়মিত উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। সেলের সদস্য এসআই (নিরস্ত্র) রাজেশ কুমার দাশ, এসআই (নিরস্ত্র) মো. রাকিবুল হাসানসহ অন্যান্য পুলিশ সদস্য তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলার চারটি থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া অর্থ উদ্ধার করেন।
এরই ধারাবাহিকতায় মে মাসে হারানো ২৬টি মোবাইল ফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে খোয়া যাওয়া ৫১ হাজার টাকা উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া বিভিন্ন মডেলের ২৬টি স্মার্টফোন এবং ৫১ হাজার টাকা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীদের হাতে তুলে দেন।
এ সময় হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে ভুক্তভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা বলেন, এসব জিনিস ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আন্তরিক প্রচেষ্টায় তাদের মোবাইল ফোন ও টাকা উদ্ধার হওয়ায় তারা কৃতজ্ঞ। তারা জানান, মোবাইল ফোন ও টাকা হারানোর পর নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় সেলটি তাদের হারানো মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করে।
ভুক্তভোগীরা পুলিশ সুপার এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যদের পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন।
অনুষ্ঠানে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের (সিসিআইসি) অফিসার ইনচার্জ মো. আব্দুল খালেকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিসিআইসির সদস্যরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

