AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক



জীবননগরে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আটক

চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার অভিযোগে রাতুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্ত্রী মোছা. রোজিনা খাতুন (১৮) জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রোজিনা খাতুন উপজেলার রায়পুর ইউনিয়নের বালিরহুদা ষষ্ঠীতলা গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তার স্বামীর বাড়ি গড়াইটুপি গ্রামে। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়।

পরিবারের সদস্যদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে রোজিনার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন স্বামী রাতুল। নির্যাতনের কারণে প্রায় দুই মাস আগে তিনি বাবার বাড়িতে চলে আসেন।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় রাতুল শ্বশুরবাড়িতে আসেন। পরিবারের সদস্যরা তাকে আপ্যায়ন করে রাতে সেখানেই থাকার ব্যবস্থা করেন। রাত আনুমানিক ২টার দিকে সবাই ঘুমিয়ে থাকাকালে রাতুল ধারালো অস্ত্র দিয়ে রোজিনার ওপর অতর্কিত হামলা চালান। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।

রোজিনার চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে রাতুলকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। আহত রোজিনাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোজিনার মা রেশমা খাতুন বলেন, বিয়ের পর থেকেই তার মেয়ের ওপর নির্যাতন চলছিল। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসিব জানান, ভোর ৫টার দিকে আহত রোজিনাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফল পাওয়ার পর আঘাতের প্রকৃত মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, অভিযুক্ত রাতুল পুলিশ হেফাজতে রয়েছেন। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত রোজিনার সঙ্গে কথা বলেছে।

তিনি আরও জানান, এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!