লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকালে জেলা সদর হাসপাতালে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবা উল আলম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আবদুল মোমিন এবং শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মোরশেদ আলম হিরু।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহীন জানান, জেলায় মোট ৩ লাখ ১৯ হাজার ৭৫৯ জন শিশুকে এ কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৮ হাজার ৯৭৬ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৮০ হাজার ৭৮৩ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
তিনি আরও জানান, জেলার ছয়টি উপজেলার ৫৮টি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম পরিচালিত হবে। এ জন্য ১ হাজার ৪৮০টি কেন্দ্রে ২২২ জন স্বাস্থ্য সহকারী, ১৯৪ জন সুপারভাইজার এবং ২ হাজার ৯৬০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ক্যাম্পেইন চলাকালে নিজ নিজ এলাকার টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। পাশাপাশি এ কর্মসূচি নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

