ঝিনাইদহের কোটচাঁদপুরে সাধু পরিচয়ে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূকে অচেতন করে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার তালিনা গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দাসপাড়া গ্রামের দিলীপ দাসের স্ত্রী অনিমা রানীর (৩৮) বাড়িতে দুই ব্যক্তি সাধুর পরিচয়ে প্রবেশ করেন। এর আগে তারা একই গ্রামের কবিতা রানী দাসের বাড়িতে গিয়ে ধর্মীয় বিষয়ে আলাপ শুরু করেন। পরে বাড়িতে অন্য লোকজন আসতে দেখে সেখান থেকে চলে যান।
পথে তাদের সঙ্গে সন্ধ্যা রানীর (৪২) দেখা হলে তারা তার বাড়িতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। সন্ধ্যা রানী তাদের বাড়িতে নিয়ে গেলে তারা ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। একপর্যায়ে তিনি গুরুত্ব না দেওয়ায় তাদের একজন পাশের অনিমা রানীর বাড়িতে যান।
ভুক্তভোগীর দাবি, ওই ব্যক্তি তাকে একটি বাটিতে চাল আনতে বলেন। চাল এনে দিলে বিভিন্ন তন্ত্র-মন্ত্রের মতো আচরণ করে চালে আগুন ধরিয়ে দেন। এরপর তিনি অচেতন হয়ে পড়েন এবং কী ঘটেছে তা আর মনে নেই।
অনিমা রানী বলেন, পরে জ্ঞান ফেরার পর দেখতে পান তার প্রায় এক ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ অর্থ নেই। তার দাবি, এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
সন্ধ্যা রানী বলেন, দুই ব্যক্তি তাকে প্রণাম করে নিজেদের ধর্মীয় ব্যক্তি হিসেবে পরিচয় দেন। পরে তিনি তাদের বাড়িতে নিয়ে যান। কিছুক্ষণ পর তাদের একজন পাশের বাড়িতে চলে যান। পরে জানতে পারেন, অনিমা রানীর স্বর্ণালংকার ও টাকা নিয়ে তারা পালিয়ে গেছেন।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ঘটনাটি জানতে ভুক্তভোগীর বাড়িতে ভিড় করছেন।
এ বিষয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) তারিখ আজিজ জানান, এখনও পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

