মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর পুশইন ঠেকাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।
সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, সিন্দুরখান বিজিবি কোম্পানির কমান্ডার কামরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুজার রহমান বাবলা, সদস্যসচিব রুবেল আহমদ, যুগ্ম সদস্যসচিব এহসান বিন মুজাহির, সিন্দুরখান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও জিয়াউর রহমান বলেন, ভারত থেকে পুশইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এ পরিস্থিতিতে অবৈধ পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও সজাগ থাকতে হবে। সীমান্তে কোনো সন্দেহজনক ব্যক্তিকে দেখলে দ্রুত বিজিবি ও প্রশাসনকে জানাতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশি নাগরিকরা যেন কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন, সে বিষয়েও সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে পুশইন ও মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ করা সম্ভব বলেও উল্লেখ করেন ইউএনও।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

