কুড়িগ্রামের উলিপুরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর উদ্যোগে এবং ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড (CJRF)-এর আর্থিক সহায়তায়, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।
নারী অ্যাসোসিয়েট ফর রিভাইভাল অ্যান্ড ইনিশিয়েটিভ (নারী)-এর নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. আরিফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, নারী সংগঠনের প্রশাসনিক কর্মকর্তা আল ইমরান, প্রকল্প সমন্বয়কারী প্রতিমা রাণীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, গণমাধ্যমকর্মী এবং প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, কুড়িগ্রামসহ দেশের নদীভাঙন ও বন্যাপ্রবণ অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
তারা আরও বলেন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ প্রকল্প সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, নারী ২০০৬ সাল থেকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা, জরুরি মানবিক সহায়তা প্রদান এবং বহুমুখী পাটপণ্য উৎপাদনের মাধ্যমে নারীদের কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

