AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের জোরালো লড়াই, তানোরে জমজমাট বিতর্ক প্রতিযোগিতা


Ekushey Sangbad
সারোয়ার হোসেন, তানোর, রাজশাহী
০৯:১১ পিএম, ২২ জুন, ২০২৬

দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের জোরালো লড়াই, তানোরে জমজমাট বিতর্ক প্রতিযোগিতা

শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলায় দুর্নীতি প্রতিরোধবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) তানোর উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে সততা, নিষ্ঠাবোধ ও নৈতিক চেতনা জাগ্রত করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিতার্কিকরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এর নেতিবাচক দিক এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি ও জোরালো মতামত উপস্থাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান।

তানোর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এবং তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ এম. রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও তানোর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আব্দুল ওয়াহাব শেখ, সাবেক সেনাসদস্য ও কমিটির সহসভাপতি আলাউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক ও কমিটির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, উপজেলা মডেল মসজিদের ইমাম ও কমিটির সদস্য একলাসুর রহমান এবং সমাজসেবক ও সাংবাদিক টিপু সুলতান।

এ ছাড়া তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজকে হারিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুন্ডুমালা বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজ। একই প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আতিয়া নওসিন প্রতিযোগিতার শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে নতুন প্রজন্মকে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!