সাংবাদিকতার মূল শক্তি সত্য। সেই সত্যকে নির্ভীকভাবে তুলে ধরার অঙ্গীকার নিয়ে দীর্ঘ ১৪ বছরের পথচলা শেষে ১৫ বছরে পদার্পণ করেছে দেশের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি। ‘দমে না, থামে না’—এই প্রত্যয়কে সামনে রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন।
রোববার (২১ জুন) রাত ৯টায় মুকসুদপুরে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবক, শিক্ষাবিদ ও সুধীজনের মিলনমেলায় প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম খান।
একাত্তর টেলিভিশনের কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা প্রতিনিধি মো. আম্মার মিয়া অসীমের সভাপতিত্বে এবং মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ, পৌর বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাঈদুজ্জামান, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অন্তর, দৈনিক কালের সমাজ-এর কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মো. সোহান শেখ এবং সাংবাদিক মো. রবিন হোসেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই একাত্তর টিভি বস্তুনিষ্ঠ, জনমুখী ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। ক্ষমতার চেয়ে সত্যকে প্রাধান্য দিয়ে সাধারণ মানুষের কথা তুলে ধরার কারণে চ্যানেলটি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।
তাদের মতে, ‘দমে না, থামে না’ কেবল একটি স্লোগান নয়; এটি সত্য অনুসন্ধানী সাংবাদিকতার এক অবিচল দর্শন। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পেশাদারিত্ব, দায়িত্ববোধ ও নিরপেক্ষতার যে চর্চা একাত্তর টিভি করে আসছে, তা দেশের গণমাধ্যমকে আরও সমৃদ্ধ করছে।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। শুভেচ্ছা বিনিময়, স্মৃতিচারণ ও ভবিষ্যৎ প্রত্যাশার মধ্য দিয়ে উপস্থিত সবাই প্রত্যয় ব্যক্ত করেন—সত্য ও জনগণের পক্ষে নির্ভীক সাংবাদিকতার এই যাত্রা আরও দীর্ঘ ও সমৃদ্ধ হোক।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, স্থানীয় গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত থেকে একাত্তর টিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

