রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত সপ্তম শ্রেণির স্কুল ছাত্রী গণধর্ষণ মামলার আসামি মো. রায়হান শেখ (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-১ এর সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করে। সে গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে।
এর আগে গত ৯ মে রাতে প্রেমের ফাঁদে ফেলে সপ্তম শ্রেণির এক স্কুল ছাত্রী (১৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় নাফিস মন্ডল (১৮) নামের এক যুবককে ওই দিনই আটক করেন পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকির পাড়া গ্রামের এলেম মন্ডলের ছেলে। গত ১০ মে বিকেলে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে।
ধর্ষণের শিকার কিশোরী ও তার পরিবারের সাথে কথা বলে জানা যায়, ওই কিশোরী গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণিতে পড়ে। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত রায়হান শেখের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ৯ মে রাত ১০টার দিকে রায়হান ওই স্কুলছাত্রীর বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করে বাইরে আসতে বলে।
এ সময় ওই কিশোরী এত রাতে বের হতে অস্বীকৃতি জানালেও রায়হানের জোরাজুরিতে সরল বিশ্বাসে ঘর থেকে বের হয়। এরপর রায়হান তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে দ্রুত রওনা দেয়। এরপর তাকে নিয়ে যায় গোয়ালন্দ পৌর শহরের নগর রায়েরপাড়া এলাকার হাবি কনটাক্টরের নির্জন পুকুরপাড়ে। সেখানে প্রথমে কথিত প্রেমিক রায়হান এবং পরবর্তীতে তার বন্ধু নাফিস ওই স্কুলছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
শনিবার (১৩ জুন) সকালে গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও র্যাব-১ গাজীপুর বিশেষ অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার আসামি মো. রায়হান শেখকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
একুেশ সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

