প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় করা হবে এবং কোনোভাবেই তা বিদেশে পাচারের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
বুধবার (১৭ জুন) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা বাগানের নারী শ্রমিকদের ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, দেশের উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা জরুরি।
সরকারের লক্ষ্য মানুষের জীবনমান উন্নয়ন উল্লেখ করে তারেক রহমান বলেন, শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ১৫০ জন সন্তানের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। পাশাপাশি আগামী এক বছরের মধ্যে ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া আগামী পাঁচ বছরে উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগের কথা তুলে ধরেন।
বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন করা হয়েছে। তাঁর দাবি, এই বাজেটকে জনবিরোধী আখ্যা দেওয়া সঠিক নয় এবং এ ধরনের বক্তব্য জনগণকে বিভ্রান্ত করতে পারে।
বক্তব্যে তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জনগণের ঐক্য গুরুত্বপূর্ণ। জনগণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

