নীলফামারীতে পুকুরে মাছ ধরতে সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল প্রায় ১০টার সময় বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-জেলা সদরের কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিত পাড়া গ্রামের মৃত মজিবরের ছেলে জালাল উদ্দিন (৫০) ও একই উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মৃত আব্দুর রবের ছেলে মজিবর রহমান (৬০)।একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মিঠু আহমেদ (৪৫)।
বর্তমানে তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. উৎস চন্দ্র রায় বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরার জন্য সেচপাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মজিবর মারা যান।
জালালকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় সেও মারা যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. উৎস চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎপৃষ্টে আহত হয়ে সকালে জালাল নামের একজনকে হাসপাতালে আনা হলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, লাশ উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছিলো। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হওয়ার লাশ দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

