ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় কাল বৈশাখী ঝড়ের তান্ডবে ভেঙ্গে পড়েছে পল্লী বিদ্যুতের খুঁটিসহ অন্তত অর্ধশতাধিক গাছপালা উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও দূরপাল্লার যাত্রীরা।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলার দরি বাউশিয়া এলাকা থেকে বাউশিয়া পাখির মোড় পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে পল্লী বিদ্যুতের খুঁটি এবং গাছ উপড়ে মহাসড়কে ওপর পড়ে যায়। এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে শত শত যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও ছোট-বড় যানবাহন আটকা পড়ে প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
কুমিল্লা ও চট্টগ্রামগামী বিভিন্ন পরিবহনের বাসচালকগন বলেন, বিকেল সাড়ে ৩ টার দিকে হঠাত ঝড় শুরু হলে চোখের সামনেই একটি বিশাল গাছ রাস্তার ওপর পড়ে যায়। কোনো রকমে ব্রেক করে গাড়িগুলো থামিয়ে আল্লাহর রহমতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। কিন্তু আমরা তিন ঘণ্টার বেশি সময় ধরে একই জায়গায় আটকে আছি।
চট্টগ্রামগামী বেসরকারি চাকরিজীবী একজন যাত্রী বলেন, জরুরি কাজে ঢাকা থেকে রওনা হয়েছিলাম। কিন্তু গজারিয়ায় এসে দেখি পুরো রাস্তা বন্ধ । বাসের ভেতরে গরমে শিশুরা কষ্ট পাচ্ছে। আশপাশে প্রয়োজনীয় কিছু পাওয়ারও কোন সুযোগ নেই।
যানজটে আটকে পড়া কাভার্ডভ্যান চালক আমিনুল বলেন, কাঁচামাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছি। সময়মতো পৌঁছাতে না পারলে মালামাল নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে , তবে গাছের সংখ্যা বেশি হওয়ায় কিছুটা সময় লাগছে।
ভবেরচর হাইওয়ে থানার ওসি কামাল আখন্দ বলেন, আকস্মিক ঝড়-বৃষ্টির কারণে বিদ্যুতের খুঁটি ও অর্ধশতাধিক গাছ উপড়ে মহাসড়কের ওপর পড়ে যািয়ার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মী ও গজারিয়া ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় গাছ ও খুঁটি অপসারণের কাজ চলছে।
তিনি আরও বলেন, উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের খুঁটি সরিয়ে ফেলা সম্ভব হলে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় যাত্রীদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শেষ করে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

