চাঁদপুরের ফরিদগঞ্জে বালুবাহী ট্রাকের ধাক্কায় আল-আমিন মজুমদার (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আল-আমিন মজুমদার উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পশ্চিম চাঁদপুর গ্রামের বাসিন্দা আমিনুল হক মজুমদারের ছেলে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আল-আমিন ব্যক্তিগত কাজে ফরিদগঞ্জ বাজারে আসেন। কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। আল-আমিনের মৃত্যুর খবরে পরিবারে ও এলাকায় শোকের মাতম শুরু হয়েছে। তার তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল ও স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

