ঢাকার সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। পরিদর্শনকালে তিনি সেবার মান, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ও প্রশাসনিক ব্যবস্থাপনায় একাধিক ঘাটতি দেখে অসন্তোষ প্রকাশ করেন।
সোমবার (৮ জুন) সকালে প্রথমে তিনি আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, নির্ধারিত সময়ে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত ছিলেন না। উপস্থিতি রেজিস্টার ও কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, আটজন কর্মকর্তার মধ্যে মাত্র দুজন অফিসে উপস্থিত ছিলেন।
এ সময় সেবা নিতে আসা কয়েকজন নাগরিক প্রতিমন্ত্রীর কাছে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। তারা জানান, ভূমি সেবার জন্য একাধিকবার অফিসে আসতে হলেও অনেক ক্ষেত্রে সময়মতো সেবা পাওয়া যায় না।
অভিযোগ শোনার পর প্রতিমন্ত্রী সেবাপ্রদানে দীর্ঘসূত্রতা ও অনিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন এবং তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের কার্যক্রমও পরিদর্শন করেন।
তিনি নির্দেশ দেন, তথ্যকেন্দ্রকে আরও কার্যকর করতে হবে এবং সেবাগ্রহীতাদের দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।
পরে রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিট এবং রেকর্ড রুম ঘুরে দেখেন তিনি। কর্মকর্তারা এ সময় জানান, সার্ভার সমস্যার কারণে নামজারি (মিউটেশন) কার্যক্রম প্রায়ই বিঘ্নিত হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, ভূমি সেবায় জনগণের ভোগান্তি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি সেবার গতি ও মান বাড়াতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হতে হবে।
এরপর তিনি আশুলিয়া রাজস্ব সার্কেল (পলাশবাড়ী) কার্যালয় পরিদর্শন করেন। সেখানে লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম ও কিছু অবৈধ স্থাপনা নজরে এলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

