মাদারীপুরে অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা ও সাংবাদিকতার নামে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও এলাকাবাসী।
সোমবার (৮ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার ডাসার উপজেলার পাথুরিয়ারপাড় এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে মাদারীপুরের ডাসার ও কালকিনি এলাকায় অপসাংবাদিকতার প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সংবাদকর্মী পরিচয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল এবং চাঁদাবাজি করা হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি চক্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও অপসংবাদ ছড়িয়ে দিচ্ছে, যা সামাজিক স্থিতিশীলতা নষ্ট করছে।
বক্তারা স্পষ্ট করে বলেন, "আমাদের এই আন্দোলন পেশাদার বা বস্তুনিষ্ঠ সাংবাদিকদের বিরুদ্ধে নয়। আমরা প্রতিবাদ জানাচ্ছি মাঠপর্যায়ের সেইসব কথিত হলুদ সাংবাদিক ও `মিডিয়া ব্যবসায়ীদের` বিরুদ্ধে, যারা এই পবিত্র পেশাকে কলুষিত করছে।" সমাবেশে নির্দিষ্ট তিন জন কথিত সাংবাদিকের নাম উল্লেখ করে তাদের অপতৎপরতার তীব্র নিন্দা জানানো হয়।
সচেতন নাগরিক সমাজের প্রধানরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ডাসার ও কালকিনিতে কোনো ধরনের অপসাংবাদিকতা ও সুস্থ তথ্যপ্রবাহের পরিপন্থী কাজ সহ্য করা হবে না। সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের দাবি জানিয়ে তারা বলেন, যারা সাংবাদিকতার আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড চালাবে, তাদের শক্ত হাতে দমন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন,সচেতন নাগরিক সমাজের প্রধান মনির সরদার,মিঠু শিকদার,আব্দুস সালাম সরদার,সাবেক সেনা সদস্য জাকির হাওলাদার,হেলাল বেপারী, ফরহাদ সরদার,রেজাউল বেপারী,শাওন বেপারী,ফজলুল হক সরদার,কামরুল সরদার,কবির মাতুব্বরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সহ প্রায় তিন শতাধিক সচেতন নাগরিক।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

