দেশের চলমান পরিস্থিতিতে যেকোনো ধরনের ‘পুশইন’ ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) ও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন সব সীমান্ত তল্লাশি চৌকিতে (বিওপি) জনবল বৃদ্ধি এবং সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ১৭টি বিওপিতে বিজিবি সদস্যদের নিয়মিত টহল চলছে এবং আগের তুলনায় জনবল বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি আনসার ও ভিডিপির সদস্যরাও টহল কার্যক্রম পরিচালনা করছেন। এ ছাড়া সীমান্ত এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদেরও এ কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে।
অন্যদিকে, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সারা বাংলাদেশের ন্যায় মহানন্দা ব্যাটালিয়নের টহল দলও নিয়মিত সীমান্ত এলাকায় কাজ করে যাচ্ছে।
সম্প্রতি নওগাঁ ১৬ বিজিবির আওতাধীন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি বিওপির সীমান্ত এলাকা দিয়ে গত বৃহস্পতিবার ভোর আনুমানিক ৩টার দিকে সীমান্তের ২০৩/৬-আর পিলারের কাছে ২৮ জনকে বাংলাদেশে ‘পুশইন’-এর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের প্রবেশে বাধা দেন। এতে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ৬ শিশুসহ ২৮ জন শূন্যরেখায় অবস্থান নেয়।
এ ঘটনায় দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও প্রথমে কোনো সমাধান হয়নি। প্রায় দুই দিন শূন্যরেখায় অবস্থানের পর অবশেষে শনিবার বিএসএফ তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

