জামালপুর-৩৫ বিজিবির পৃথক অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে জামালপুর-৩৫ বিজিবির আওতাধীন ইজলামারী ও বড়াইবাড়ী বিওপির সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মদ উদ্ধার করেন। এছাড়া শনিবার সকালে সাহেবের আলগা বিওপির সদস্যরা পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করেন।
শনিবার (৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর-৩৫ বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইজলামারী বিওপির সদস্যরা সীমান্তবর্তী ১০৬৬ নম্বর পিলারের কাছে বন্ধুরচর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
একই রাতে বড়াইবাড়ী বিওপির সদস্যরা সীমান্তবর্তী চুলিয়ারচর এলাকায় অভিযান চালিয়ে আরও ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করেন।
অন্যদিকে শনিবার সকালে সাহেবের আলগা বিওপির সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা এবং একটি নৌকা উদ্ধার করেন।
উদ্ধারকৃত মদের ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জব্দকৃত মদ ধ্বংসের জন্য ৩৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে এবং উদ্ধার করা জিরা রৌমারী শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।”
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

