ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-কে ঘিরে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের প্রতিবাদ এবং এস আলম গ্রুপের বিরুদ্ধে বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকালে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর উদ্যোগে কালিয়াকৈর উপজেলার আলহাজ্ব খবির উদ্দিন সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠানকে দুর্বল ও ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা অভিযোগ করেন, বিগত সময়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ইসলামী ব্যাংককে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যার প্রভাব এখনও বহন করতে হচ্ছে।

বক্তারা আরও বলেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে যে অর্থ পাচারের অভিযোগ উঠেছে, তার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারী সচেতন গ্রাহকরা বলেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। এ প্রতিষ্ঠানের সুনাম, স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এসময় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের গ্রাহক ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বজলুর রহমান, মোঃ আজাহারুল ইসলাম এবং মাওলানা মোস্তফা কামাল।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ছানোয়ার হোসেন, রাজিব হোসেন, সুলতান মাস্টার, সারোয়ার হোসেন, আতিকুল ইসলাম, কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ গ্রাহকরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

