জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় তীব্র গরমে হিটস্ট্রোকে টুনু আকন্দ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা এবং মৃত সাদেক আকন্দের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের দিকে বাড়ির পাশের জমিতে খড় শুকানোর কাজ করছিলেন টুনু আকন্দ। এ সময় প্রচণ্ড তাপদাহের মধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা দ্রুত তাঁকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোকের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে রিফাত আকন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন, “হিটস্ট্রোকে একজনের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। চলমান তীব্র তাপপ্রবাহে সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে দুপুরের প্রখর রোদ এড়িয়ে চলা, পর্যাপ্ত পানি পান করা এবং প্রয়োজন ছাড়া বাইরে কাজ না করার বিষয়ে সচেতন হওয়া জরুরি।”
এদিকে, চলমান তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা হিটস্ট্রোক এড়াতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

