ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১৩ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। এ সময়ে প্রতিদিন গড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ২২ জন।
বৃহস্পতিবার (৪ জুন) রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সারা দেশে মোট ২৯২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৪১টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা, যেখানে নিহত হয়েছেন ১২৪ জন।
একই সময়ে দুর্ঘটনায় ৩৭ জন পথচারী এবং ৩৩ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি নৌ ও রেলপথেও প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিবেদনে বলা হয়, এ সময়ে ১৩টি নৌ-দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। এছাড়া ২২টি রেল দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, এসব দুর্ঘটনায় মোট ৫০৭টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে ৭৯টি বাস, ৬১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৪টি পিকআপ, ১৫৭টি মোটরসাইকেল, ৯৩টি থ্রি-হুইলার, ১১টি প্রাইভেটকার, ৫টি মাইক্রোবাস, ৪টি অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের যানবাহন।
সংস্থাটি সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ এবং ঝুঁকিপূর্ণ যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ অনুযায়ী, ঈদকে কেন্দ্র করে যানবাহনের চাপ বৃদ্ধি, অতিরিক্ত গতি, অনিয়ন্ত্রিত মোটরসাইকেল চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনার দুর্বলতা দুর্ঘটনা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে কাজ করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

