শান্তিগঞ্জের দামোদরতপী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় শিশু রিক সূত্রধর নিহত হওয়ার ৬ ঘণ্টা পার হতে না হতেই একই এলাকার প্রায় ১০০ মিটার দূরে এবার লেগুনার ধাক্কায় জরিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত জরিনা বেগম পূর্ব পাগলার মাহমদপুর গ্রামের ফজর আলীর স্ত্রী।
বুধবার (৩জুন) রাত ৮টার দিকে পূর্ব পাগলার মাহমদপুর এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো পাশের একটি বাড়িতে গৃহকর্মীর কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন জরিনা বেগম। এ সময় তিনি মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে সুনামগঞ্জগামী ‘রাব্বি পরিবহন’ নামের একটি লেগুনা তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কৈতক ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন লেগুনাটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, “মাহমদপুর এলাকায় লেগুনার ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। ঘাতক লেগুনাটি জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

