চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ভারত থেকে ২৮ জন বাংলাদেশিকে জোরপূর্বক ঠেলে দেওয়ার (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কঠোর নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে বিএসএফের এ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তিরা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখা (নো-ম্যানস ল্যান্ড) এলাকায় অবস্থান করছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর সহকারী পরিচালক রবিউল ইসলাম।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) ভোর আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৩/৬-আর দিয়ে ভারতের ১২ বিএসএফ ব্যাটালিয়নের আশরাফপুর ক্যাম্পের সদস্যরা পুশ-ইনের চেষ্টা চালায়।
ভুক্তভোগী ২৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে বলে জানা গেছে।
পুশ-ইনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাঙ্গাবাড়ি বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়।
বিজিবি সূত্রে আরও জানা যায়, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। ভারতীয় বিএসএফ সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করে বিভিন্ন পোস্টে অবস্থান নিয়েছে। ফলে যেকোনো সময় ওই ব্যক্তিদের আবারও পুশ-ইনের চেষ্টা করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে। পাশাপাশি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ বিষয়ে ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুজ্জামান বলেন, “গভীর রাতে ২৮ জনকে সীমান্তে পুশ-ইনের চেষ্টা করা হয়েছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের শূন্যরেখা এলাকায় আটকে দেয়। আমরা চাই, উভয় দেশের প্রচলিত প্রক্রিয়া ও পারস্পরিক সমঝোতার ভিত্তিতে পরিচয় যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

