নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে ফয়জুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার (৩ জুন) রাত ১০টার দিকে উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় অবস্থিত এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কেন্দ্রটির কর্তৃপক্ষ হাসপাতালে লাশ ফেলে রেখে মাদক নিরাময় কেন্দ্রে তালা দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
নিহত ফয়জুল মিয়া উপজেলার কাঁচপুর বেহাকৈর এলাকার ফোছন আলীর ছেলে।
নিহত ফয়জুল মিয়ার স্ত্রী মাসুদা বেগম জানান, তাঁর স্বামীকে মাদকের আসক্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এভারগ্রীন মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। ঈদের পরদিন তিনি সেখানে গিয়ে স্বামীর জন্য খাবার দিয়ে আসেন। বুধবার রাতে খবর পেয়ে হাসপাতালে এসে তিনি তাঁর স্বামীকে মৃত অবস্থায় দেখতে পান।
তিনি অভিযোগ করেন, মাদক নিরাময় কেন্দ্রের লোকজনের নির্যাতনেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, ঘটনাস্থলে পুলিশ অভিযান চালিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্যাতনের কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহে নির্যাতনের চিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

