ময়মনসিংহের ভালুকায় অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু। অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং দুইজন মাদক ব্যবসায়ীকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে পারলে তথ্যদাতাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (৩ জুন) সন্ধ্যায় উপজেলার কাচিনা ইউনিয়নের তামাট ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
এমপি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বলেন, “মাদক ও অনলাইন জুয়া আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য এটি একটি মারাত্মক হুমকি। এই সামাজিক ব্যাধির বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “যারা অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। অপরাধীদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে সহায়ক তথ্য প্রদানকারীদের যথাযথভাবে পুরস্কৃত করা হবে।”
সংসদ সদস্য বাচ্চু বলেন, মাদক ও জুয়ামুক্ত ভালুকা গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না এবং সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
তিনি স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা বৃদ্ধি এবং অপরাধীদের শনাক্ত করতে সকলের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

