যশোরের বেনাপোল এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) দুপুরে বেনাপোল চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, হামলার ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছাত্রশক্তির নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তির নেতা রুপম আহসান অর্নব রয়েছেন। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দলীয় সূত্রে জানা গেছে, শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোলের দিকে যাচ্ছিলেন। এ সময় চেকপোস্ট এলাকায় তার বহরের একটি গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয় এবং হামলার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কাচ ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
তবে ঘটনার সময় গাড়িতে থাকা নাসীরুদ্দীন পাটওয়ারী, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্য নেতারা নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে দলটি।
এনসিপি আরও জানায়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এবং অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোলে অবস্থান না করে সরাসরি যশোরের উদ্দেশ্যে রওনা হন।
অন্যদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি। তবে বেনাপোল পৌর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উদ্দিন হামলার অভিযোগের বিষয়ে ভিন্ন অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার তথ্য তাদের কাছে নেই।
ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হলেও হামলার অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত বা প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

