চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ চারজন শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩১ মে) উপজেলার চান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন-ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আনিছুর রহমান (২২) ও মনির হোসেন (২৮) এবং ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাদেমুল ইসলাম বাবু পাটওয়ারী (৩৭) ও মিঠুন পাটওয়ারী (৩৫)।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ থানার এসআই আমজাদ আলী চৌধুরী, এসআই মো. হুমায়ুন কবির, এএসআই মাসুদুল হক ও এএসআই জুমায়াত জুয়েলের নেতৃত্বে একটি টিম চান্দ্রা এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে ইয়াবা বেচাকেনার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ নিশ্চিত হয়েছে যে, ফরিদপুর থেকে ইয়াবার চালানটি নিয়ে আনিছুর ও মনির ফরিদগঞ্জে এসেছিলেন। তাদের লক্ষ্য ছিল স্থানীয় মাদক কারবারি বাবু ও মিঠুনের কাছে ইয়াবাগুলো হস্তান্তর করা। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ এই চক্রের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ-হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা বলেন, "মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার চালানের বাইরে এই চক্রটির অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কি না বা এর সাথে আর কারা জড়িত, তা উদঘাটনে জিজ্ঞাসাবাদ ও তদন্ত চলমান রয়েছে।"
থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আনিছুর রহমান ও মনির হোসেনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘ দিন ধরেই আন্তঃজেলা মাদক কারবারের সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, মাদকবিরোধী এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ সব ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

