নাটোর–বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার বন্দর আমতলা এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।সোমবার (১ জুন) ভোর ৬টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ।
নিহতরা হলেন নাটোর শহরের আলাইপুর মহল্লার তৈয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম (২৬), সদর উপজেলার পিছলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন (১৮) এবং লালপুর উপজেলার সাধুপাড়া গ্রামের মাজেদুল ইসলামের ছেলে জীবন (১৮)।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী মুক্তার হোসেন ও জীবন ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। গুরুতর আহত সাইফুল ইসলামকে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

