কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসমত আলী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) বিকেল ৫টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের বালিয়াশিশা ক্যানালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসমত আলী ওই এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নিজ বাড়ির একটি আমগাছে আম পাড়তে ওঠেন আসমত আলী। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

