ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের টাওয়ার এলাকা থেকে মোস্তাক (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। নিহত মোস্তাক ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার দেওখলা গ্রামের মুস্তফা কামালের ছেলে।
সোমবার (১ জুন) সকালে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানার এসআই মোশাররফ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাওয়ার এলাকায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে উদ্ধার করে।
ভালুকা মডেল থানার এসআই মোশাররফ জানান, মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

