মানিকগঞ্জে পৃথক দুটি ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত সদর ও দৌলতপুর উপজেলায় এ ঘটনাগুলো ঘটে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
জেলার সদর উপজেলার পুটাইল ইউনিয়নের উত্তর পুটাইল গ্রামের বাসিন্দা মোনসেরের ছেলে মো. সজিব (২৮) শনিবার গভীর রাতে নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর পুটাইল এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বাড়িতে অবস্থানকালে পূর্বশত্রুতার জেরে রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে ১০০ থেকে ১৫০ জনের একটি সংঘবদ্ধ দল সেখানে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সজিবকে হত্যা করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
এর আগে শনিবার রাত ১০টার দিকে জেলার দৌলতপুর উপজেলার বাঁচামারা ইউনিয়নের ফকিরপাড়া এলাকায় পারিবারিক বিরোধের জেরে গৃহবধূ আমেনা (২৮) ও তাঁর দেড় বছর বয়সী ছেলে আসওয়াদ নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. ইউসুফ মোল্লা (৩৫) তাঁর বড় ভাই সালাম মোল্লা (৪০) ও ভাবি আমেনার সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে আমেনা ও শিশু আসওয়াদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। ঘটনাস্থলে একটি দা ও হাতুড়ি পড়ে থাকতে দেখা যায়।
পরে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় সালাম মোল্লার ওপরও হামলা চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, পারিবারিক বিরোধের জেরে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। মরদেহ উদ্ধারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

