পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে অতিরিক্ত ভাড়া আদায় রোধে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত খোয়ারপাড় এলাকার শ্রীবরদী, বকশিগঞ্জ ও ঝিনাইগাতী সিএনজি স্ট্যান্ড এবং বটতলা এলাকার নালিতাবাড়ী সিএনজি স্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ৩টি মামলায় মোট ১ হাজার ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া নবীনগর বাসস্ট্যান্ড, ময়মনসিংহ ও জামালপুরগামী সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে আরও ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে যাত্রী হয়রানি বন্ধে চালকদের সতর্ক করা হয় এবং যাত্রীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
অন্যদিকে শ্রীবরদী উপজেলায় সিএনজি, অটোরিকশা ও বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিবিড়ভাবে মনিটরিং করা হয়। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায়কৃত ভাড়া ফেরত দেওয়া হয় এবং একটি মামলায় ২০০ টাকা জরিমানা করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে যাত্রী ও পরিবহন চালকদের সচেতন করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, ঈদযাত্রাকে নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

