পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দরিদ্র, দুঃস্থ ও অসহায় জনসাধারণের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা-এর অনুকূলে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অর্থ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার চারটি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬৪ জন অসহায় নারী ও পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. নূর আলম সিদ্দিক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম মীর, বায়তুল মাল সম্পাদক আইয়ুব আলী, গোয়ালন্দ পৌর জামায়াতের সাংগঠনিক সম্পাদক মো. মেহেদুল হাসান আক্কাস, ছোট ভাকলা ইউনিয়ন সেক্রেটারি ইমরান হোসেনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। বিশেষ করে ঈদের মতো উৎসবের সময়ে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দিকা-এর অনুকূলে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে অর্থ তুলে দেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

